কবিতাঃ ভুলে যাবো

by - November 07, 2018


কিছু কিছু রাত
জীবনের চেয়ে দীর্ঘতর,
সীমারেখায় অসীমাবদ্ধতার চরম দৌড় ঝাঁপ ;
চোখের পাতায় নিঘুম ভেজা স্বপ্নের তোলপাড়।
বিক্ষত হৃদয়ের পথ এতো মিছিল কেমনে ধরে,
তবুও হয়তো রাত শেষ হয়ে যাবে জীবনের মত।

কিছু কিছু পথ
আকাশে চেয়ে অন্তহীন,
চলতে চলতে কখনো অসহ্য রাতের সাথে মিশে যায়;
যেখানে একটু থেমে থাকার ছিল তাতে সময়ের টান।
অথচ কখনোই আর থেমে থাকা হয়নি অচল হৃদয়ে,
তবুও পথ ভুলের সাথে মিশে যায় ধূলি বাতাসের মত।

কিছু কিছু ভুল
অসীমের চেয়েও বিস্তীর্ণ,
ভুলতে ভুলতে কেন মনে রাখতে হয় অভ্যাসের বশে;
এ যেন মনে রাখতেই ভুলে যাওয়ার সব আয়োজন ।
যত মিথ্যে শপথ কখনো ভাঙেনি,সত্য হারিয়েছে পথ;
তবুও এ রাত,এ পথ,এ ভুল ভুলে যাবো তোমার মত।                          

                                              ____মাসুদ পারভেজ 

You May Also Like

0 comments